Skip to main content

Ridge Bangla

হরমুজ প্রণালিতে নতুন সেবা মাশুল, বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধার ইঙ্গিত ইরানের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য নতুন সেবা মাশুল চালুর পরিকল্পনার কথা জানিয়েছে ইরান। তবে তেহরানের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ দেশগুলো, বিশেষ করে চীন, এ ব্যবস্থায় বিশেষ সুবিধা পাবে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি।

শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে একটি নতুন কাঠামো তৈরির কাজ করছে ইরান। সেই পরিকল্পনার অংশ হিসেবে এই জলপথ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজ থেকে নতুন সেবা মাশুল নেওয়া হবে।

তিনি জানান, ওয়াশিংটন এ প্রস্তাব প্রত্যাখ্যান করলেও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জন্য বিশেষ সুবিধা রাখার বিষয়ে তেহরান ইতিবাচক অবস্থানে রয়েছে।

যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া প্রাথমিক সমঝোতা অনুযায়ী, বাণিজ্যিক জাহাজগুলো ৬০ দিন বিনা খরচে হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে। তবে ওই সময়সীমা শেষ হওয়ার পর কী ধরনের ব্যবস্থা কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়।

ওয়ার্ল্ড পিস ফোরামে বক্তব্য দিতে গিয়ে আবদোলরেজা রহমানি ফাজলি বলেন, হরমুজ প্রণালির ‘নতুন বিন্যাস’ বাস্তবায়নে ওমানের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করছে ইরান।

তিনি বলেন, হরমুজ প্রণালির একটি অংশ ইরানের জলসীমার মধ্যে হওয়ায় সেখানে প্রদত্ত সেবার জন্য মাশুল নেওয়া হবে। তবে এটিকে ‘টোল’ হিসেবে বিবেচনা করা উচিত নয় বলেও দাবি করেন তিনি।

ইরানি রাষ্ট্রদূতের ভাষ্য, ‘‘এই নতুন ব্যবস্থাপনার মূল লক্ষ্য হবে হরমুজ প্রণালিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত, জাহাজ চলাচলের ওপর নজরদারি… এবং বিপুলসংখ্যক জাহাজের যাতায়াতের কারণে সৃষ্ট পরিবেশগত প্রভাব মোকাবিলা করা।’’

তিনি আরও বলেন, যেসব দেশ ইরানের বন্ধু ছিল এবং বিশেষ করে কঠিন সময়ে দেশটির পাশে দাঁড়িয়েছে, তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হবে।

বিশ্বের মোট অপরিশোধিত জ্বালানি তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলাকালে ইরান এ জলপথ প্রায় পুরোপুরি বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে যায়।

পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতার পর হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত অবরোধ তুলে নেয় তেহরান। বর্তমানে সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

This post was viewed: 12

আরো পড়ুন