Skip to main content

Ridge Bangla

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

প্রখ্যাত গবেষক, শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। রোববার (৫ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

জানা গেছে, দুপুরে মিরপুরের একটি রেস্তোরাঁয় খাবার খেতে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মিরপুরের হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০২৪ সাল থেকে তিনি বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। নিরপেক্ষ রাজনৈতিক চিন্তা ও তাত্ত্বিক বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে। কর্মজীবনের দীর্ঘ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।

তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’ এবং ‘সংস্কৃতির সহজ কথা’। এ ছাড়া ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্র প্রকাশের পাশাপাশি তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’ এবং ‘স্বদেশচিন্তা’।

বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

This post was viewed: 20

আরো পড়ুন