শনিবারের মধ্যে সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে মিডওয়াইফারি সোসাইটির ওয়ার্কশপ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, নরমাল ডেলিভারিকে উৎসাহিত করতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, আগে গ্রামাঞ্চলে দাইরা সন্তান প্রসবে সহযোগিতা করতেন, যা ছিল গ্রামের একটি স্বাভাবিক চর্চা। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সেই ব্যবস্থা আর নেই।
তিনি বলেন, বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই সিজারিয়ান অপারেশন করা হচ্ছে। তবে তার মতে, সিজারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের অনেক সময় শালদুধ দেওয়া হয় না, যা পুষ্টির ঘাটতির কারণ হতে পারে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগে হামকে ঘামাচির বড় ভাই বলা হতো। কিন্তু এখন হাম প্রাণঘাতী হয়ে উঠেছে। তার ভাষ্য, পুষ্টির অভাবের কারণেই হামের ঝুঁকি বাড়ছে।
তিনি বলেন, মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়ন ছাড়া একটি সুষম অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নেওয়া হবে এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে মিডওয়াইফারি খাতে।