শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
শিক্ষা প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষকদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোর সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধান করা হবে। পাশাপাশি শিক্ষকদের জীবনমান ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও সরকার কাজ করবে।
ববি হাজ্জাজ আরও বলেন, শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, বিদ্যমান শিক্ষাকাঠামোকে আরও সমৃদ্ধ করে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীদের রিডিং ও রাইটিং দক্ষতার বর্তমান ঘাটতি দূর করা সম্ভব হয়।