Skip to main content

Ridge Bangla

সমগ্র দেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনার আহ্বান অর্থমন্ত্রীর

সময়ের কোনো অপচয় না করে সমগ্র বাংলাদেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শ্রমিক, দিনমজুর, কৃষকসহ সমাজের সব শ্রেণির মানুষকে এ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করতে হবে। প্রযুক্তির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি জানান, দেশের সব খাতে দ্রুত ডিজিটালাইজেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন শুধু অর্থনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, সেবাপ্রদানেও তা নিশ্চিত করতে হবে।

অর্থমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় সব ধরনের সেবা পৌঁছে দিতে হবে। একই সঙ্গে দেশের উৎপাদনশীলতা বাড়াতে গ্রাহকদের কাছে সহজে সেবা পৌঁছে দেওয়ার ওপরও জোর দেন তিনি।

তিনি আরও বলেন, ঘরে বসেই যদি মানুষ প্রয়োজনীয় সেবা পেতে পারে, তাহলে সময় ও অর্থ- উভয়েরই সাশ্রয় হবে। শুধু প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, সে সম্পর্কে জনগণকে জানাতেও কার্যকর উদ্যোগ নিতে হবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেয়ারবাজার, বীমাসহ প্রতিটি খাতে দুর্নীতি প্রতিরোধে ডিজিটালাইজেশন বাস্তবায়ন প্রয়োজন।

এর আগে অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিগত উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ ৫টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো জনতা ব্যাংক পিএলসি, প্রবাসী কল্যাণ ব্যাংক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন।

This post was viewed: 25

আরো পড়ুন