Skip to main content

Ridge Bangla

হোদেইদায় হুথিদের হামলায় ১৪ সরকারি সেনা নিহত

ইয়েমেনের বন্দরনগরী হোদেইদার দক্ষিণাঞ্চলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ জন সরকারি সেনা নিহত হয়েছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের ঘনিষ্ঠ এক সামরিক কর্মকর্তা রোববার এ তথ্য জানিয়েছেন।

এডেন থেকে বার্তা সংস্থা এএফপির পাঠানো খবরে বলা হয়েছে, শনিবার ভোরে হোদেইদার দক্ষিণে হায়স জেলায় কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর সরকারপন্থী বাহিনী হুথিদের হামলা প্রতিহত করতে সক্ষম হয়।

ওই সামরিক কর্মকর্তা বলেন, ‘এই সংঘর্ষে হুথিদের পক্ষেও নিহত ও আহত হয়েছে।’ তবে বিদ্রোহী গোষ্ঠীর কতজন হতাহত হয়েছে, সে বিষয়ে তিনি কোনো সংখ্যা জানাননি।

২০১৫ সাল থেকে হুথি বিদ্রোহীরা ইয়েমেন সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। দীর্ঘদিনের এ সংঘাতে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে দেশজুড়ে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

বর্তমানে হুথিরা রাজধানী সানা এবং উত্তর ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। তাদের নিয়ন্ত্রণে রয়েছে লোহিত সাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোদেইদাও। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশের দক্ষিণাঞ্চলের বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উভয় পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসে।

এর মধ্যেই শুক্রবার হুথিরা এডেনভিত্তিক সরকারের প্রধান সমর্থক সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দেয়।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী ইরানের তথাকথিত ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’-এর অংশ হুথি গোষ্ঠীর দাবি, সৌদি আরব একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছে।

This post was viewed: 17

আরো পড়ুন