Ridge Bangla

ফতুল্লায় কারখানার মেশিনে দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কারখানায় কাজ করার সময় মেশিনে হাত ঢুকে থেঁতলে যাওয়ার পাশাপাশি মাথায় গুরুতর আঘাত পেয়ে জাহাঙ্গীর আলম (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ফতুল্লার সিটি বোর্ড মিল নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছ্যাপড়াঝাড় গ্রামের মোহাম্মদ সুনীলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে ফতুল্লায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার ৩ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

নিহতের মামা আব্দুর রহিম জানান, প্রায় ৭ বছর ধরে সিটি বোর্ড মিলে পুরোনো কাগজ প্রক্রিয়াজাত করে বোর্ড তৈরির কাজে কর্মরত ছিলেন জাহাঙ্গীর। প্রতিদিনের মতো রোববার রাতেও তিনি দায়িত্ব পালন করছিলেন। রাত ১২টার দিকে কাজের সময় অসতর্কতাবশত তার ডান হাত মেশিনের ভেতরে ঢুকে যায়। এতে হাতটি মারাত্মকভাবে থেঁতলে যায় এবং মাথার ডান পাশেও গুরুতর আঘাত পান তিনি।

আব্দুর রহিম বলেন, তিনি দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরের সঙ্গে একই কারখানায় কাজ করেছেন। ভাগনের এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টের।

দুর্ঘটনার পর সহকর্মীরা জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত আনুমানিক ১টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

This post was viewed: 7

আরো পড়ুন