Ridge Bangla

যশোরে গাড়ির গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

যশোরে একটি প্রাইভেট কারের ড্যাশবোর্ড ও রানিং বোর্ডের গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বেনাপোলের ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও ২টি মোবাইল ফোন।

শনিবার (৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের সদর উপজেলার হামিদপুর ময়লাখানার সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫) এবং বড়আঁচড়া গ্রামের আজগার আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি দল হামিদপুর এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি টয়োটা এক্স করোলা প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ড এবং দুই পাশের রানিং বোর্ডে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালক ও অপর এক আরোহীকে আটক করা হয়।

তিনি আরও জানান, মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার এবং গ্রেফতার ব্যক্তিদের ব্যবহৃত ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

This post was viewed: 6

আরো পড়ুন