লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পারিবারিক বিরোধের জেরে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত আশিক পলাতক রয়েছেন।
শনিবার (৪ জুলাই) বিকেলে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যাহ পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নজরুল ইসলাম ওই গ্রামের মৃত খলিলুর রহমান পাটওয়ারীর ছেলে। অভিযুক্ত আশিক একই বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে এবং আহত বৃদ্ধের নাতি।
স্থানীয়দের ভাষ্য, ইসমাইল হোসেন ফারুক ও তার স্ত্রী আয়েশা বেগমের পারিবারিক বিরোধ মীমাংসার জন্য শনিবার সকালে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে নজরুল ইসলামসহ কয়েকজন উপস্থিত ছিলেন। একপর্যায়ে আয়েশা বেগমের সঙ্গে বাকবিতণ্ডা হলে তিনি মোবাইল ফোনে ঢাকায় থাকা ছেলে আশিককে বিষয়টি জানান। পরে আশিক এলাকায় এসে বাগবিতণ্ডার একপর্যায়ে নজরুল ইসলামকে গুলি করেন। এতে তার বাম হাতের কবজির ওপর গুলি লাগে।
ইসমাইল হোসেন ফারুক বলেন, ‘আশিক আমার চাচাকে গুলি করেছে। সে ঢাকায় ছিল। তার মা তাকে মোবাইল করে আনিয়েছে। এখন আমাকেও হুমকি দিচ্ছে। আমি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
আহত নজরুল ইসলাম বলেন, ‘ফারুক আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। সালিশ বৈঠকে ফারুকের স্ত্রী আয়েশা উত্তেজিত হয়ে ওঠে। সে কারও কথা শুনতে রাজি ছিল না। এ নিয়ে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর জেরে আশিক এসে আমাকে গুলি করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার শামিম মোহাম্মদ আফজাল জানান, আহত ব্যক্তিকে এক্স-রে করার পর শরীরে গুলি রয়ে গেছে কি না নিশ্চিত হওয়া যাবে। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালীতে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।