রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে পদ্মা নদীতে ধরা পড়া ৩৫ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। রোববার (৫ জুলাই) সকালে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।
জানা গেছে, ভোরে জেলে জমির হালদার ও তার সহযোগীরা পদ্মা নদীর দৌলতদিয়া কলাবাগান এলাকায় জাল ফেললে বড় আকারের কাতলটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারের মো. হালিমের আড়তে আনা হলে এর ওজন হয় ৩৫ কেজি। বিশাল মাছটি দেখতে বাজারে উৎসুক মানুষের ভিড় জমে। নিলামে প্রতি কেজি ২ হাজার টাকা দরে মাছটি ৭০ হাজার টাকায় কেনেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
পরে তিনি দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগ করে খুলনায় বসবাসকারী এক জার্মান প্রবাসীর কাছে প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ৭৩ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন। একই ক্রেতার কাছে তিনি ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশও প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে মোট ৭ হাজার ৭৪০ টাকায় বিক্রি করেন।