রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা অস্ত্র ও মাদক উদ্ধারসহ মোট ৫০৮ জনকে গ্রেফতার করেন। এর মধ্যে রমনা বিভাগ থেকে ৫২ জন, লালবাগ বিভাগ থেকে ২৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৩২ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৮ জন, মিরপুর বিভাগ থেকে ৯৫ জন, গুলশান বিভাগ থেকে ৫৩ জন এবং উত্তরা বিভাগ থেকে ১৩৭ জনকে আটক করা হয়েছে।
অভিযানের সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১টি ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, ২টি কর্ক, ১টি ধারালো ছুরি, ৬ বস্তা বিভিন্ন ধরনের ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল ফোন এবং নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।