নতুন ৫ হাজার টনের একটি নৌ-বিধ্বংসী যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন আধুনিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পরীক্ষাটি সরাসরি তদারকি করেন দেশটির সর্বোচ্চ নেতা প্রেসিডেন্ট কিম জং উন।
রোববার এ তথ্য প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, গত ৩ জুলাই ‘কাং কন’ নামের যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌ-আর্টিলারি, স্বয়ংক্রিয় গান এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের পরীক্ষা পর্যবেক্ষণ করেন কিম। একই সঙ্গে তিনি আগামী ২ মাসের মধ্যে যুদ্ধজাহাজটিকে দেশটির নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
গত বছরের জুনে যুদ্ধজাহাজটি পানিতে ভাসানো হলেও তার প্রায় ১ মাস আগে প্রথমবার জলে নামানোর সময় এটি একদিকে কাত হয়ে উল্টে যায়। পরে প্রয়োজনীয় ত্রুটি সংশোধনের পর জাহাজটি ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়।
এদিকে, দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, গত শুক্রবার উত্তর কোরিয়ার ওই যুদ্ধজাহাজ থেকে পূর্ব সাগরের (জাপান সাগর) দিকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রযুক্তিগত ও অন্যান্য তথ্য বর্তমানে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে বিশ্লেষণ করছে।
উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে কেসিএনএ জানিয়েছে, নতুন যুদ্ধজাহাজে সংযুক্ত বিভিন্ন অস্ত্র ব্যবস্থা যুদ্ধকালীন পরিস্থিতিতে কতটা কার্যকরভাবে পরিচালিত হতে পারে, সেটি যাচাই করাই ছিল এই পরীক্ষার মূল উদ্দেশ্য।
পরীক্ষা শেষে কিম জং উন সন্তোষ প্রকাশ করেন এবং সম্ভাব্য যেকোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিরোধ সক্ষমতা ও সামরিক শক্তি আরও জোরদার করার আহ্বান জানান।