মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভালোভাবেই জানেন, ‘আসল বস কে’। শনিবার (৫ জুন) মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ৭-৮ জুলাই তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলন শেষে হোয়াইট হাউসে তার সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হতে পারে।
দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমাদের সম্পর্ক খুবই ভালো। নেতানিয়াহু জানেন, ‘আসল বস কে’। এ মন্তব্যে তিনি নিজের দিকেই ইঙ্গিত করেন।
তবে অ্যাক্সিওসকে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য ওই বৈঠকটি ৭-৮ জুলাইয়ের পরিবর্তে পরের সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি।
এর আগে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, টেলিফোনে আলাপের সময় দুই নেতা শিগগিরই যুক্তরাষ্ট্রে সাক্ষাৎ করার বিষয়ে একমত হয়েছেন।
সফরটি অনুষ্ঠিত হলে, চলতি বছরের ফেব্রুয়ারির পর এটিই হবে নেতানিয়াহুর প্রথম যুক্তরাষ্ট্র সফর। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ওই সফরের সময় তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পরিকল্পনা ট্রাম্পের কাছে উপস্থাপন করেছিলেন।
এদিকে, অ্যাক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা বলেন, ট্রাম্পের ঘনিষ্ঠ অনেক উপদেষ্টার মূল্যায়ন হলো, বিবি নামে পরিচিত নেতানিয়াহু প্রায় সব বিষয়েই ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন।