Ridge Bangla

নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে মিলল অবিস্ফোরিত মর্টার শেল

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তসংলগ্ন এলাকায় মাছ ধরতে গিয়ে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকালে উপজেলা সদর ইউনিয়নের ভবানীপুর এলাকায় স্থানীয় কয়েকজন শিশু কাদামাটির মধ্যে গোলাটি দেখতে পায়।

ঘটনার খবর পেয়ে ভবানীপুর বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সেটির চারপাশে বালুর বস্তা দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী জানিয়েছেন, বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় অবিস্ফোরিত মর্টার শেলটি ধ্বংসের প্রক্রিয়া চলছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর সীমান্তের ১১৫৫/১০-এস সীমান্ত পিলার থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর গ্রামের একটি নালায় মাছ ধরার সময় শিশুরা কাদামাটির নিচে গোলাসদৃশ একটি বস্তু দেখতে পায়।

পরে স্থানীয় বাসিন্দা মো. ছদর উদ্দিনের ছেলে মো. আমজাদ আলী সেটি নালা থেকে তুলে বাড়ির কাছের একটি নিরাপদ স্থানে রাখেন।

পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়, এটি ৬০ মিলিমিটার মর্টার শেলের একটি অবিস্ফোরিত গোলা।

বিজিবি জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে মর্টার শেলের চারপাশ ঘিরে রাখা হয়েছে। একই সঙ্গে বোম্ব ডিসপোজাল দলের সঙ্গে সমন্বয় করে গোলাটি ধ্বংসের প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

This post was viewed: 4

আরো পড়ুন