Ridge Bangla

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগে কুমিল্লায় খোকন আটক

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের অভিযোগে খোকন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভিডিওটি প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে বিজয়পুর বাজার এলাকার একটি কনফেকশনারি দোকানের সামনে ফুটপাতে ঘটনাটি ঘটে। তবে শনিবার (৪ জুলাই) সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে।

ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে সাদা শার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তি ফুটপাতে ঘুমিয়ে থাকা মধ্যবয়সী এক নারীর কাছে গিয়ে তাকে ধর্ষণ করেন।

ভিডিও বিশ্লেষণের মাধ্যমে পুলিশ অভিযুক্ত হিসেবে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে খোকনকে (৫০) শনাক্ত করে। স্থানীয়দের দাবি, তিনি এলাকায় জুয়া পরিচালনার সঙ্গে জড়িত এবং একজন চিহ্নিত জুয়াড়ি হিসেবে পরিচিত।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। পরে শনিবার সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার ঝলম এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাকে রবিবার কুমিল্লার আদালতে পাঠানো হবে।

এদিকে, সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, ভুক্তভোগী নারীর পরিচয় শনাক্ত, তার চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন