Skip to main content

Ridge Bangla

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদকে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবিতে আইনি নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে করা বক্তব্যের জেরে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক খ্যাতি ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিলে জমা দিতে হবে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১ জুলাই ঢাকসু কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাঙালি মুসলমানের জাগরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচনা সভায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও অনুষদ সদস্যদের সম্পর্কে অবমাননাকর, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেন।

নোটিশে আরও বলা হয়, এ ধরনের বক্তব্য জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি, সুনাম ও মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে। একই সঙ্গে লাখ লাখ সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ, মানসিক কষ্ট ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে কয়েকটি দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, ১ জুলাই দেওয়া বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার করে ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত ৭২ ঘণ্টার মধ্যে এসব দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করা হলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

আইনজীবী তনয় কুমার সাহা শনিবার (৪ জুলাই) জানান, গত বৃহস্পতিবার (২ জুলাই) ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে এ আইনি নোটিশ পাঠানো হয়েছে।

This post was viewed: 19

আরো পড়ুন