Ridge Bangla

আমি নিশ্চিত, প্রতিশোধ প্রশ্নে মা বলতেন ‌‘তোমার দায়িত্ব সবাইকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও তিনি বিশ্বাস করেন, তার মা তাকে প্রতিহিংসার পথে নয়, বরং দেশকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নেওয়ার আহ্বানই জানাতেন।

শনিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আমি যদি এই মুহূর্তে আমার মাকে জিজ্ঞেস করতে পারতাম, মা, গত ১৭ বছর আপনার ওপর যে মানসিক ও শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নিই? আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম আপনার ওপর যে অবিচার-অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নিই…; কারণ সেই প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসেবে আমি নিশ্চিত- আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। দেশকে সামনে নিয়ে যাওয়া।’

একই প্রসঙ্গে তিনি তার ভাইয়ের কথাও উল্লেখ করেন। তার ভাষায়, ‘আমি যদি আমার ভাইকে জিজ্ঞেস করতে পারতাম, তুমি কি চাও তোমার সাথে যে অন্যায় যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নিই; কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন…; আমি নিশ্চিত, দুই ভাই আমরা একসঙ্গে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত, আমার ভাইটিও আমাকে সেই একই উত্তর দিতো, যে উত্তর আমাকে আমার মা দিতেন।’

জুলাই হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। তবে বিচার যেন কোনোভাবেই আরেকটি অবিচারে পরিণত না হয়। তার মতে, বিচার হতে হবে ন্যায়সঙ্গত এবং আইনের ভিত্তিতে।

তিনি আরও বলেন, যাদের প্রাণ হারাতে হয়েছে তারা আর ফিরে আসবেন না। তবে তাদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।

তারেক রহমান বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা প্রয়োজন, যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম গর্বের সঙ্গে বলতে পারবে যে, এই পরিবর্তনের পেছনে জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ রয়েছে। তার মতে, যে উদ্দেশ্যে জুলাইয়ের শহিদরা প্রাণ দিয়েছেন, সেই লক্ষ্য বাস্তবায়নের শপথই সবার নেওয়া উচিত।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকার দেশকে সামনে এগিয়ে নিতে সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। একই সঙ্গে তিনি বলেন, ‘জাতি বিভক্ত থাকলে দেশ পিছিয়ে পড়ে।’

This post was viewed: 4

আরো পড়ুন