Ridge Bangla

জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার মধ্যরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

আগামী ৭ ও ৮ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই সম্মেলন। সফরের অংশ হিসেবে ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান এবং বিভিন্ন প্লেনারি অধিবেশনে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্মেলনে ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি’ এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’- এই তিনটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া সম্মেলনের সাইডলাইন আয়োজন হিসেবে উচ্চপর্যায়ের নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

নিউইয়র্ক সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল ও পিস বিল্ডিং বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

সফর শেষে আগামী ১২ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন