Ridge Bangla

ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুষিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

ঝালকাঠির নলছিটি উপজেলায় ফুটবল খেলা নিয়ে তুচ্ছ বাকবিতণ্ডার জেরে এক যুবককে ঘুসি মেরে নাকের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে এ ঘটনা ঘটে।

আহত হাসিবুল ইসলাম (২০) বারইকরণ গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য, ফুটবল খেলা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পাশের সরই গ্রামের আক্কেল আলী মোল্লার নাতি শুভ হোসেন ক্ষিপ্ত হয়ে হাসিবুল ইসলামের মুখে ঘুসি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং নাকে গুরুতর আঘাত পান।

স্বজনরা প্রথমে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসকদের মতে, আঘাতে হাসিবুল ইসলামের নাকের হাড় ভেঙে গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অভিযুক্তের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তাদের বিরুদ্ধে অতীতেও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, মারধরসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছিল। এছাড়া অভিযুক্ত শুভ হোসেন স্থানীয়ভাবে মাদকসেবনের সঙ্গে জড়িত বলেও দাবি করেন কয়েকজন বাসিন্দা।

তবে এসব অভিযোগের বিষয়ে শুভ হোসেন বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় নলছিটি থানার ওসি তৌহিদুজ্জান বলেন, আহত ব্যক্তিকে আগে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 4

আরো পড়ুন