Ridge Bangla

বিদ্যালয়ের কক্ষে মদ্যপ অবস্থায় প্রধান শিক্ষক, ভিডিও ছড়িয়ে পড়তেই শোকজ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদ্যালয়ের কার্যালয়ে মদ্যপ অবস্থায় দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ঘটনার জেরে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ।

ঘটনাটি উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী বহুপার্শ্বিক উচ্চবিদ্যালয়ে ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, ভিডিওটি নজরে আসার পর ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম প্রধান শিক্ষক রুহুল আমিনকে শোকজ করেন। তাকে ৩ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে প্রধান শিক্ষককে নিজ কক্ষে বসে অসংলগ্ন কথা বলতে দেখা যায়। ভিডিওতে তিনি মদ্যপানের কথাও স্বীকার করেন এবং একপর্যায়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলেন। পরে তার স্বজনরা এসে তাকে বিদ্যালয় থেকে বাড়িতে নিয়ে যান।

এক অভিভাবকের দাবি, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কক্ষে মদ্যপান করে আসছেন। তিনি স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই প্রতিবাদ করতে সাহস পান না। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শুক্রবার প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, “মানসিক অশান্তির কারণে তিনি মদ্যপান করেছিলেন। তখন তার মাথা ঠিক ছিল না।” তিনি আরও জানান, ওই অবস্থায় কী বলেছেন বা কী করেছেন, তা তার মনে নেই। একই সঙ্গে তিনি স্বীকার করেন, মদ্যপ অবস্থায় বিদ্যালয়ে যাওয়াটা তার ভুল হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, প্রধান শিক্ষককে শোকজের জবাব দিতে বলা হয়েছে। তার ব্যাখ্যা সন্তোষজনক না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

This post was viewed: 5

আরো পড়ুন