Ridge Bangla

সরকারি সাইকেল নাতনিকে দেওয়ার ঘটনায় উপজেলা আমিরের পদ হারালেন জামায়াত নেতা

সরকারি বরাদ্দের সাইকেল জালিয়াতির মাধ্যমে নিজের নাতনিকে দেওয়ার অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলামকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা জামায়াতের নতুন আমির হিসেবে আজিজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) কোটচাঁদপুর উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত রুকন সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দায়িত্ব পাওয়া আজিজুর রহমান এর আগে সংগঠনটির নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, সংগঠনের গঠনতন্ত্র ও বিধি-বিধান অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাজুল ইসলামের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের আদর্শ, শৃঙ্খলা ও নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের বিচ্যুতি গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুন ঝিনাইদহ-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মতিয়ার রহমানের ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়। অভিযোগ রয়েছে, তৎকালীন উপজেলা আমির তাজুল ইসলাম বিতরণ তালিকায় পাশের বাড়ির এক শিক্ষার্থীর নাম ব্যবহার করে বরাদ্দ নেওয়া সাইকেলটি নিজের নাতনির হাতে তুলে দেন।

ঘটনাটি প্রকাশ্যে এলে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার (১ জুলাই) তিনি সাইকেলটি উপজেলা পরিষদে ফেরত দেন। তবে শেষ পর্যন্ত আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনের অভিযোগে তাকে সাংগঠনিক পদ ছাড়তে হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন