জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় গ্রিল কেটে চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুই গৃহকর্মীও রয়েছেন। শুক্রবার (৩ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, বিচারক আহমাদুল কবির সাকিল ও বিচারক নুসরাত জেরিন জেনী প্রায় ৭ মাস ধরে জামালপুর শহরের আমলাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছেন। তারা যথাক্রমে মেলান্দহ ও দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতে দায়িত্ব পালন করছেন।
গত ৩০ জুন বিকেলে বিচারক আহমাদুল কবির সাকিল তার স্ত্রীকে জামথল ঘাটে পৌঁছে দিয়ে রাতে বাসায় ফিরে মূল দরজা খুলতে না পেরে প্রতিবেশীদের সহায়তায় ভেতরে প্রবেশ করেন। পরে দেখা যায়, দুর্বৃত্তরা শয়নকক্ষের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আলমারির ড্রয়ার ভেঙে নগদ ১ লাখ টাকা, স্বর্ণালঙ্কার, হীরার আংটিসহ মোট ১৯ লাখ ১৭ হাজার ৯৮৩ টাকার মালামাল চুরি করেছে। ঘটনার পরদিন জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা এ.কে.এম. ছরওয়ার জাহান সিদ্দিকী থানায় মামলা করেন।
তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার রাতে একই ভবনের অপর একটি বাসার গৃহকর্মী নিলুফাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিচারক দম্পতির বাসার গৃহকর্মী হাওয়া বেগমকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের সূত্র ধরে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন নিলুফা (৩২), হাওয়া বেগম (৩০), চাঁন মিয়া ওরফে কালাচাঁন (৫০), সুমন মিয়া (৩৯) এবং নাজমুল ইবনে হোসেন ওরফে বিপ্লব (৩৯)। এর মধ্যে সুমন মিয়া জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং নাজমুল ইবনে হোসেন ওরফে বিপ্লব সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
জামালপুর থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। চুরির মূল পরিকল্পনা উদ্ঘাটন, চোরাই মালামাল উদ্ধার এবং পলাতক সদস্যদের শনাক্ত করতে চারজনের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। অন্যদিকে গৃহকর্মী নিলুফা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
তবে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন কাউসার দাবি করেছেন, গ্রেপ্তার ব্যক্তিরা বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কোনো সদস্য বা সমর্থক নন। একই বক্তব্য দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মঞ্জুরুল করিম সুমন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া দুজন অতীতের কমিটিতে দায়িত্বে থাকলেও বর্তমানে দলের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই।