Ridge Bangla

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল মাথার খুলি ও খণ্ডিত কঙ্কাল

রংপুরের তারাগঞ্জ উপজেলার তিস্তা সেচ ক্যানেলের পাশে দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে মানুষের মাথার খুলি ও পচে যাওয়া একটি মরদেহের খণ্ডিত কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় সেচ ক্যানেলের পাশের জমিতে কয়েকজন কৃষক কাজ করছিলেন। একপর্যায়ে তীব্র দুর্গন্ধ টের পেয়ে তারা উৎস খুঁজতে ক্যানেলের ধারে যান। সেখানে প্রথমে একটি মানুষের মাথার খুলি এবং পরে ঝোপের মধ্যে মরদেহের খণ্ডিত কঙ্কাল দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে তারাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার খুলি ও মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হলে উৎসুক মানুষ সেখানে ভিড় করেন। স্থানীয়দের ধারণা, কাউকে হত্যার পর মরদেহটি ওই স্থানে ফেলে রাখা হয়ে থাকতে পারে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ঘটনাস্থল থেকে মাথার খুলি ও দেহের কয়েকটি অংশে বিভক্ত কঙ্কাল উদ্ধার করা হয়েছে। পাশেই কিছু কাপড়ও পাওয়া গেছে। তিনি জানান, অপরাধস্থল তদন্তকারী দলকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত জানা যাবে।

This post was viewed: 4

আরো পড়ুন