অফিস চলাকালে সরকারি দায়িত্বে থাকার কথা থাকলেও একটি বেসরকারি হাসপাতালে রোগী দেখার সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এক সরকারি চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
অভিযুক্ত চিকিৎসক ডা. মো. ইনজামাম উল হক চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর) হিসেবে কর্মরত।
জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে শহরের আরামবাগ এলাকার চাঁপাই অ্যাপোলো হাসপাতালে তিনি এক রোগীর আলট্রাসনোগ্রাম করছিলেন। এ সময় কয়েকজন সাংবাদিক সেখানে গিয়ে ভিডিও ধারণ শুরু করলে তিনি আসন ছেড়ে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে যান।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, চিকিৎসককে হাসপাতাল থেকে দৌড়ে বেরিয়ে আসতে দেখে তার পেছনে সাংবাদিকদেরও ক্যামেরা নিয়ে যেতে দেখা যায়। পরে রাস্তায় দাঁড়িয়ে তিনি নিজের মুঠোফোনে সরাসরি সম্প্রচার করে দাবি করেন, তিনি সেখানে নামাজ পড়তে গিয়েছিলেন। তবে স্থানীয়দের অভিযোগ, তিনি অফিসের সময় বেসরকারি হাসপাতালে রোগী দেখছিলেন।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই সরকারি দায়িত্ব পালনের সময় বেসরকারি হাসপাতালে রোগী দেখাকে অনৈতিক উল্লেখ করে ঘটনার তদন্ত দাবি করেছেন।
অন্যদিকে চাঁপাই অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান মো. সালাউদ্দিন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক শ্রী বিশ্বজিৎ দাবি করেন, দুপুরের বিরতির সময় ডা. ইনজামাম উল হক হাসপাতালে এসেছিলেন। তাদের ভাষ্য, ঘটনাটি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে এবং চিকিৎসকদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে ডা. ইনজামাম উল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে পরে নিজের সামাজিক মাধ্যমের পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, সাংবাদিকদের সঙ্গে সৃষ্ট ভুল বোঝাবুঝির সমাধান হয়েছে এবং এ বিষয়ে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন বলেন, সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট চিকিৎসক তার সঙ্গে দাপ্তরিক কাজে ছিলেন। অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে রোগী দেখার বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।