মানিকগঞ্জের সিংগাইর উপজেলার এক তরুণ দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক পরিচয় ছেড়ে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা দলের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। নিজের সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবে তিনি দুধ দিয়ে গোসল করে পরে ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি পরেন। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই) রাত প্রায় ১০টার দিকে জেলার বেতিলা-মিতরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, সজিব আহম্মেদ দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। তবে সম্প্রতি আর্জেন্টিনা দলের সাফল্য ও ধারাবাহিক পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে তিনি সমর্থন বদলের সিদ্ধান্ত নেন। এ সময় কয়েকজন আর্জেন্টিনা সমর্থক উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানান।
দুধ দিয়ে গোসলের পর সজিব ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি পরেন। এরপর উপস্থিত সমর্থকদের সঙ্গে নতুন করে আর্জেন্টিনা দলকে সমর্থনের অঙ্গীকার করেন।
সজিব আহম্মেদ বলেন, ‘অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক। দলের অর্জন ও ধারাবাহিক পারফরম্যান্স আমাকে এ সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।’
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। কেউ একে ব্যতিক্রমী ও মজার ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ সমর্থক বদলের এক ভিন্নধর্মী নজির বলে মন্তব্য করছেন।