Ridge Bangla

কর্মস্থলে যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল নারীর

নীলফামারীর জলঢাকা উপজেলায় কর্মস্থলে যাওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে সুমি রানী রায় (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক স্বপন রায় গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার কাঠালী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমি রানী রায় জলঢাকা উপজেলার পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা এলাকার শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে স্বপন রায়ের মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে রওনা হন সুমি রানী রায়। চৌধুরীরহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামের একটি বাসের সামনে মোটরসাইকেলটি ব্রেক করা হয়। এ সময় সড়কে থাকা বালুর কারণে মোটরসাইকেলের চাকা পিছলে গেলে সুমি রানী রায় ছিটকে বাসের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত স্বপন রায়কে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন