Ridge Bangla

সাপের কামড়ে শিশুর মৃত্যু, ৩ ঘণ্টা ঝাড়ফুঁকের পর হাসপাতালে নেওয়ার অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে রহিদ বেদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ রয়েছে, সাপে কামড়ানোর পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে প্রায় ৩ ঘণ্টা দুই ওঝার ঝাড়ফুঁক করানো হয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার মদনডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রহিদ বেদ কুষ্টিয়ার মীরপুর রেলস্টেশন এলাকার সজল বেদের ছেলে। পরিবারের সঙ্গে তিনি বর্তমানে শৈলকুপার মদনডাঙ্গা বাজারসংলগ্ন এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয়দের ভাষ্য, বিকেলে বাড়ির পাশে খেলাধুলার সময় একটি সাপ শিশুটিকে ছোবল দেয়। এরপর পরিবারের সদস্যরা তাকে চিকিৎসাকেন্দ্রে না নিয়ে প্রথমে স্থানীয় দুই ওঝার কাছে নিয়ে যান। দীর্ঘ সময় ঝাড়ফুঁক করার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর দাদি মালা বেদ বলেন, “আছরের আজানের সময় পাশের একটি কাঠের মিলে খেলতে গেলে আমার নাতিকে সাপে কামড় দেয়। আমরা সঙ্গে সঙ্গে কানাপুকুরিয়া গ্রামের শিমুল ওঝার কাছে নিয়ে যাই। পরে শিমুল ও ওমর নামে দুই ওঝা প্রায় তিন ঘণ্টা ঝাড়ফুঁক করেন। অবস্থার অবনতি হলে তারা হাসপাতালে নিতে বলেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, আমার নাতি মারা গেছে।”

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সনিয়া আক্তার মুক্তা বলেন, “শিশুটিকে সাপে কামড়ানোর পর হাসপাতালে না এনে প্রথমে ওঝার কাছে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে আনা হলেও পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।”

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির মোল্লা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন