Ridge Bangla

বেলুচিস্তানে আত্মঘাতী হামলায় ৩০ কোস্টগার্ড নিহত, দায় স্বীকার বিএলএর

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের উপকূলীয় শহর জিওয়ানির একটি কোস্টগার্ড ছাউনিতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় হামলার ঘটনাটি ঘটে। পরে বেলুচিস্তানের স্বাধীনতাকামী সংগঠন বালোচ লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। সংগঠনটি কয়েক দশক আগে পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল।

বালোচ লিবারেশন আর্মির মুখপাত্র জিয়ান্দ বালোচ দাবি করেন, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে সংগঠনটির সশস্ত্র শাখা মাজিদ ব্রিগেডের সদস্য আতাউল্লাহ বালোচ ওরফে আজমল বালোচ বিস্ফোরকবোঝাই একটি মাজদা ট্রাক নিয়ে কোস্টগার্ড ছাউনিতে প্রবেশ করে বিস্ফোরণ ঘটান।

বিবৃতিতে আরও বলা হয়, শক্তিশালী বিস্ফোরণে ছাউনিটি ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের পর আগে থেকেই আশপাশে অবস্থান নেওয়া ফাতেহ স্কোয়াডের সদস্যরা ছাউনির ভেতরে ঢুকে গুলিবর্ষণ শুরু করলে হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়।

সংগঠনটির গণমাধ্যম শাখা হামলার একটি ৪৩ সেকেন্ডের ভিডিওও প্রকাশ করেছে। সেখানে বিস্ফোরণের ঠিক আগে বিস্ফোরকবোঝাই ট্রাকটিকে কোস্টগার্ড ছাউনিতে প্রবেশ করতে দেখা যায়।

বালোচ লিবারেশন আর্মির দাবি, সম্প্রতি বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় তাদের বিরুদ্ধে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার হওয়ার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

This post was viewed: 5

আরো পড়ুন