Ridge Bangla

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১

আরব সাগরে টহলরত অবস্থায় মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০ এস সি হক চপার হেলিকপ্টার সাগরে আছড়ে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা ৪ জনের মধ্যে ৩ জনকে উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত স্থানীয় সময় ৩টা ৩০ মিনিটের দিকে।

মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মিত সামুদ্রিক টহলের দায়িত্ব পালনকালে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালিয়ে ৩ জন সেনাসদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ সদস্যকে খুঁজে পেতে এখনও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো ধরনের হামলার কারণে এই দুর্ঘটনা ঘটেনি। উদ্ধার হওয়া ৩ সেনাসদস্য বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশের সামরিক উড়োজাহাজ বহরের অন্তর্ভুক্ত ছিল। মধ্যপ্রাচ্যের জলসীমায় সার্বক্ষণিক মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের ২টি বিমানবাহী রণতরীর একটি হলো ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ। অপরটি ইউএসএস আব্রাহাম লিঙ্কন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়া পর্যন্ত ৪০ দিনের সংঘাতে এই ২টি রণতরী ব্যাপকভাবে ব্যবহার করে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। ওই সময়ে কয়েকটি যুদ্ধবিমান ও সামরিক উড়োজাহাজ হারায় যুক্তরাষ্ট্র। সর্বশেষ ক্ষয়ক্ষতির তালিকায় যুক্ত হলো এই চপার হেলিকপ্টার।

এর আগে গত জুন মাসে হরমুজ প্রণালিতে যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন বাহিনীর একটি এএইচ-৬৪ অ্যাপাচে আক্রমণাত্মক হেলিকপ্টার সাগরে ডুবে যায়। তবে সে সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগেই এর চালক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

This post was viewed: 12

আরো পড়ুন