সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টকে কেন্দ্র করে হজ ও ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়া বিদেশি নাগরিকদের গ্রেপ্তার, দীর্ঘ সময় আটকে রাখা এবং কারাদণ্ড দেওয়ার ঘটনা ঘটছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
চলতি সপ্তাহে প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে সৌদি আরবে এ ধরনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ৯ জনের ঘটনা পর্যালোচনা করা হয়েছে। তাদের অধিকাংশই মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত। এসব ব্যক্তিকে ২০২২ সাল থেকে গত বছর পর্যন্ত বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে ফ্রান্সের নাগরিক আমের আব্দেলফাত্তেহর ঘটনার উল্লেখ করা হয়েছে। তিন সন্তানের এই বাবা ২০২৪ সালের জুনে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। তাকে প্রথমে ১১ মাস আটক রাখা হয়। পরে ২০২৫ সালের মে মাসে তার বিচার শুরু হয়।
সৌদি কর্তৃপক্ষের অভিযোগ, তিনি অনলাইনে দেশটির সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং বিচার হওয়া এক ব্যক্তির প্রশংসা করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগও আনা হয়। তবে প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের অভিযোগে সাধারণত জরিমানা বা নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হলেও তাকে কারাগারে পাঠানো হয়েছে, যা অস্বাভাবিক বলে মনে করছে সংস্থাটি।
একই প্রতিবেদনে আহমেদ আল-দাওস নামের এক ব্রিটিশ নাগরিকের কথাও তুলে ধরা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের অভিযোগে তিনি বর্তমানে সৌদিতে ৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন। স্ত্রী ও পরিবারকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার পর দেশে ফেরার সময় রিয়াদ বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।