বজ্রঝড়ের কারণে দীর্ঘ বিরতি ও অনিশ্চয়তার পরও জয়রথ থামেনি ফ্রান্সের। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়ায় শুরু হয় ম্যাচটি। তবে তীব্র বজ্রঝড়ের কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। দুই ঘণ্টার বেশি বিরতির পর আবার মাঠে গড়ানো ম্যাচ শেষ হয় সকাল ৬টা ৪৫ মিনিটে।
প্রথমার্ধেই অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফ্রান্স। বিরতিতে যাওয়ার পর ফিলাডেলফিয়ায় বজ্রঝড় শুরু হলে নিরাপত্তার কারণে স্টেডিয়ামের আলো নিভিয়ে খেলা বন্ধ রাখা হয়।
সব অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশ সময় সকাল ৬টায় দ্বিতীয়ার্ধ শুরু হলে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফরাসিরা। ৫৪ মিনিটে ইরাকের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে।
চলতি বিশ্বকাপে এটি ফরাসি অধিনায়কের চতুর্থ গোল। আর বিশ্বকাপ ইতিহাসে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬টিতে। এর মাধ্যমে জার্মানির মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
শেষ দিকে ফ্রান্সের ব্যবধান আরও বাড়ান উসমান দেম্বেলে। ফরাসি উইঙ্গারদের সমন্বিত আক্রমণ থেকে গোল করে দলের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।
টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপের প্রথম দলগুলোর একটি হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ফ্রান্স।