Skip to main content

Ridge Bangla

গরু জবাই নিষেধাজ্ঞার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল বিজয় থালাপতির সরকার

ভারতের তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধ করে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে আপিল করেছে বিজয় থালাপতি নেতৃত্বাধীন রাজ্য সরকার। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম স্ক্রল।

সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে তামিলনাড়ু সরকার বলেছে, গত মে মাসে মাদ্রাজ হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন, তা জনস্বার্থ-সংক্রান্ত মামলায় আদালতের এখতিয়ারের বাইরে। পাশাপাশি এই নির্দেশনা রাজ্যে প্রচলিত পশু জবাই-সংক্রান্ত আইনের সঙ্গেও সাংঘর্ষিক।

গত ২৭ মে বিচারপতি জি আর স্বামীনাথান ও ভি লক্ষ্মীনারায়ণের বেঞ্চ গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মক্কল কাটচির সাধারণ সম্পাদক কোরবানির ঈদের সময় নির্ধারিত স্থানের বাইরে পশু জবাই বন্ধে নির্দেশনা চেয়ে আবেদন করেছিলেন। তবে আদালত শুধু নির্ধারিত স্থানের বিষয়টি বিবেচনা না করে গরু জবাইয়ের ওপরই নিষেধাজ্ঞা আরোপ করেন। আদালত সরকারকে কোরবানির ঈদসহ অন্য যেকোনো দিন গরু বা বাছুর জবাই বন্ধ নিশ্চিত করার নির্দেশ দেন।

তামিলনাড়ু সরকারের দাবি, আদালতের এই নির্দেশ কার্যত পুরো রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করার শামিল। অথচ রাজ্যের প্রচলিত আইনে ১০ বছর বা তার বেশি বয়সী এবং কর্মক্ষমতা হারানো গবাদিপশু জবাইয়ের সুযোগ রয়েছে। সরকারের ভাষ্য, হাইকোর্টের নির্দেশ বিদ্যমান আইনের সীমা অতিক্রম করেছে।

আবেদনে আরও বলা হয়েছে, মাদ্রাজ হাইকোর্টের এমন নির্দেশনা কোনো পক্ষই চায়নি। তাই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে ওই রায়ের কার্যকারিতা স্থগিত করার আবেদনও জানিয়েছে।

This post was viewed: 35

আরো পড়ুন