Ridge Bangla

আইভরি কোস্টে আকস্মিক বন্যায় প্রাণ গেল অন্তত ৫৯ জনের

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে কয়েক দিনের টানা ভারী বর্ষণের পর সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সরকারি মুখপাত্র আমাদু কুলিবালি রাজধানী আবিদজানে মন্ত্রিপরিষদের এক আনুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদের জানান, বন্যার কারণে এ পর্যন্ত ৫৯ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।

মৌসুমী ভারী বর্ষণের প্রভাবে দেশটির বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে বহু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। পাশাপাশি অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে এবং ত্রাণ বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। সরকার জানিয়েছে, মানবিক সহায়তা কার্যক্রমের বিষয়ে আগামী দিনগুলোতে আরও তথ্য জানানো হবে।

এদিকে, আইভরি কোস্টের প্রতিবেশী ঘানাও ভারী বর্ষণের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী আক্রাসহ দেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় সেখানে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

This post was viewed: 5

আরো পড়ুন