Ridge Bangla

নেপালের ফুটবলে ফিফার অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। সুইজারল্যান্ডের জুরিখ থেকে ফিফার সেক্রেটারি ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সদস্য দেশগুলোকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

ফিফার গঠনতন্ত্রের ১৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ব্যুরো অব দ্য কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। নিষেধাজ্ঞাটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। তবে কী কারণে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এই সিদ্ধান্তের ফলে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার সদস্য হিসেবে সব ধরনের প্রাতিষ্ঠানিক অধিকার হারিয়েছে। পাশাপাশি দেশটির জাতীয় ফুটবল দল ও ঘরোয়া ক্লাবগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

নিষেধাজ্ঞা চলাকালে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন এবং এর কোনো কর্মকর্তা ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের কোনো উন্নয়নমূলক কর্মসূচি বা প্রশিক্ষণ কার্যক্রমেও অংশ নিতে পারবেন না।

ফিফা সদস্য দেশ ও সংশ্লিষ্টদের জানিয়েছে, নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় নেপাল কিংবা দেশটির কোনো দলের সঙ্গে কোনো ধরনের ক্রীড়া কার্যক্রমে যুক্ত হওয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ফিফা কংগ্রেসের আগে যেকোনো সময় ফিফা কাউন্সিল চাইলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারবে।

This post was viewed: 2

আরো পড়ুন