দেশের উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা আরও জোরদার করতে ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৫ হাজার অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার থেকেই এ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার শাখা-২ থেকে সম্প্রতি জারি করা পৃথক ২টি চিঠিতে প্রয়োজনীয় প্রশাসনিক, আর্থিক ও বাস্তবায়ন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যসেবা আরও নিরাপদ, নির্বিঘ্ন ও জনবান্ধব করতে নবগঠিত ৫টি উপজেলাসহ দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে ১০ জন করে অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হবে।
যেসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতোমধ্যে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন, সেখানে বিদ্যমান সদস্যদের সমন্বয় করে প্রতিটি প্রতিষ্ঠানে মোট ১০ জন সদস্য নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে বুধবার থেকে মোতায়েন কার্যকর করে বাস্তবায়ন শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, ৫ হাজার আনসার সদস্যের বেতন-ভাতা বাবদ বছরে ব্যয় হবে ১১৯ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা। এ অর্থ আনসার ও ভিডিপির নির্ধারিত বাজেট কোডে বরাদ্দ দেওয়ার জন্য অর্থ বিভাগে ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের সম্মতির ভিত্তিতে সদস্যদের বেতন-ভাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিশোধ করা হবে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মনিরুল হাসান স্বাক্ষরিত চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্যসেবা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হওয়ার পাশাপাশি রোগী ও তাদের স্বজনেরাও আরও নিরাপদ পরিবেশে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।