Ridge Bangla

আফগানিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প, কম্পন টের পেল পাকিস্তানও

আফগানিস্তানে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটে হওয়া এই ভূমিকম্পের কম্পন প্রতিবেশী পাকিস্তানের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।

ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক বিবৃতিতে ভূমিকম্পের তথ্য জানিয়েছে। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের বাদাখশান প্রদেশের জুর্ম জেলা।

পাকিস্তানের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার, সোয়াত, শাংলা, বুনের, লোয়ার দিরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

এখন পর্যন্ত আফগানিস্তান বা পাকিস্তানে এই ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান উচ্চ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের অন্তর্ভুক্ত। ফলে দেশটিতে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। এর আগে গত ২৭ জুন সেখানে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ওই ঘটনাতেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আফগানিস্তানে সর্বশেষ প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে ২০২৫ সালের ৩ নভেম্বর। ৬.৩ মাত্রার সেই ভূমিকম্পে ঘরবাড়ির দেয়াল ও ছাদ ধসে ৭ জন নিহত এবং ১৫০ জন আহত হন।

This post was viewed: 3

আরো পড়ুন