Ridge Bangla

মহাত্মা গান্ধীর মূর্তিতে কালো কাপড়, তীব্র রাজনৈতিক উত্তেজনা পশ্চিমবঙ্গে

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে মহাত্মা গান্ধীর একটি মূর্তির মুখ ও হাতে কালো কাপড় বেঁধে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

ঘটনাটি ঘটে কাটোয়ার স্টেশন বাজার চৌরাস্তায় অবস্থিত মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তিতে। সকালে স্থানীয় বাসিন্দারা মূর্তির মুখ ও হাতে কালো কাপড় জড়ানো অবস্থায় দেখতে পান। এরপরই ঘটনাস্থলে ভিড় জমে এবং দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি ওঠে।

খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে এটি ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তদন্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি বলেন, “এটি কেবল গান্ধীজীর প্রতি চরম অবমাননা নয়, অত্যন্ত মর্যাদাহানিকর। আন্তরিকভাবে বিশ্বাস করি, আপনিও এই ধরণের কাজকে কখনই সমর্থন করবেন না।”

স্থানীয়দের ধারণা, রাতের অন্ধকারে কেউ বা কারা এই কাজ করেছে। তাদের অভিযোগ, এটি পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে। পুলিশকে দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

This post was viewed: 4

আরো পড়ুন