Ridge Bangla

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় আইএইএর প্রবেশের সুযোগ নেই: ইরানের পার্লামেন্ট স্পিকার

যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো কোনো অবস্থাতেই আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পরিদর্শকদের দেখতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও মধ্যস্থতাকারী মোহাম্মদ বাগের গালিবাফ।

ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে শুধু বুশেহর বিদ্যুৎকেন্দ্র এবং তেহরান রিঅ্যাক্টরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এই দুটি স্থাপনা ছাড়া অন্য কোনো কেন্দ্রে সংস্থাটির পরিদর্শকদের প্রবেশাধিকার নেই।

গালিবাফ বলেন, “এর বাইরে আর কোনো কেন্দ্রে তাদের প্রবেশের অধিকার নেই এবং আমরা এই নিয়মে বদ্ধপরিকর।”

সম্প্রতি ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানে হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পরিদর্শকদের জন্য উন্মুক্ত করা হতে পারে- এমন খবর প্রকাশিত হয়। তবে সেই তথ্যকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন গালিবাফ।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছে- এমন খবর সম্পূর্ণ “ভিত্তিহীন”। তাঁর ভাষায়, “যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের অধিকার আইএইএর পরিদর্শকদের নেই।”

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে গালিবাফ আরও বলেন, বর্তমানে পরিদর্শকদের প্রবেশাধিকার কেবল বুশেহর বিদ্যুৎকেন্দ্র ও তেহরান রিঅ্যাক্টর পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পরিদর্শন নিষিদ্ধ করে ইতোমধ্যে পার্লামেন্টে আইন পাস করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও একটি প্রস্তাব অনুমোদন করেছে।

অন্যদিকে সম্প্রতি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় পরিদর্শকদের সংশ্লিষ্ট পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশ ও পরিদর্শনের সুযোগ দেওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই সংস্থার প্রতিনিধিরা সেখানে যেতে পারবেন।

This post was viewed: 4

আরো পড়ুন