Ridge Bangla

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

দগ্ধরা হলেন ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল ও শাহ আলম, উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ। সবাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গভীর সমুদ্রে মাছ আহরণ শেষে সোমবার (২৯ জুন) বেলা ২টার দিকে ট্রলারটি কর্ণফুলী নদীর সদরঘাটের সাম্পান ঘাট এলাকায় মুরিং বয়ায় নোঙর করে। পরদিন মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ট্রলারের ইঞ্জিন কক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। সে সময় ইঞ্জিন কক্ষে ও ডেকে দায়িত্ব পালনরত ৬ নাবিক অগ্নিদগ্ধ হন।

এ ঘটনায় ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ নগরের সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আহত ৬ জনের মধ্যে ২ জনের শারীরিক অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। বাকি ৪ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

This post was viewed: 3

আরো পড়ুন