রাজধানীর উপকণ্ঠে গড়ে ওঠা পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায় আনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে চট্টগ্রামে একটি নতুন থানা এবং চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে ৩টি নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে পূর্বাচল নতুন শহর প্রকল্পের একটি বড় অংশ ঢাকা জেলার বাইরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রয়েছে। তিনটি জেলায় বিভক্ত থাকায় প্রকল্পটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি হচ্ছিল। এ কারণে পুরো প্রকল্প এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, যা নিকার সভায় অনুমোদন পেয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ নামে নতুন একটি থানা গঠন করা হবে। এছাড়া ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা প্রতিষ্ঠা করা হবে।
এ ছাড়া কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে আরেকটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে নিকার।