চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২ জুলাই)। প্রশ্নফাঁস ও নকল প্রতিরোধে এবার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা কর্তৃপক্ষ।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে। এই বোর্ডে ৩১০টি কেন্দ্রে ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।
শিক্ষা বোর্ডগুলো পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থীদের প্রবেশ এবং পরীক্ষাকক্ষ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে।