Ridge Bangla

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর চালুর দাবি নাহিদ ইসলামের

আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই সেটি খুলে প্রবেশ করবে।

বুধবার রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ডের মামলার তদন্ত ও বিচারকাজ ধীরগতিতে এগোচ্ছে। এ প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়ে তিনি ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনা এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

তিনি আরও বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না; জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামোর সংস্কারও নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি উল্লেখ করে তিনি দ্রুত কর্মসূচি ঘোষণার আশা প্রকাশ করেন।

এ সময় ১৪ দলীয় নেতা হাসানুল হক ইনুর প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী। ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। আপিলের মাধ্যমে তাঁর আরও কঠোর শাস্তি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নাহিদ ইসলাম।

This post was viewed: 5

আরো পড়ুন