Ridge Bangla

রাজধানীর ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা, ট্রাফিক আইনে দেড় হাজার মামলা

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করতে ঢাকা মহানগর পুলিশের আওতায় এখন ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা চালু রয়েছে। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার ট্রাফিক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

মঙ্গলবার ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-কমিশনার কার্যালয়ে জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যানসংলগ্ন লেক রোডে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক মামলা ও যানবাহন পর্যবেক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, আগে রাজধানীর ১৫টি ইন্টারসেকশনে এআই ক্যামেরা ছিল। নতুন করে আরও ৪টি যুক্ত হওয়ায় এখন মোট ১৯টি গুরুত্বপূর্ণ মোড়ে এই প্রযুক্তি কার্যকর হয়েছে। রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ জংশনেও পর্যায়ক্রমে এআই ক্যামেরা স্থাপনের কাজ চলছে।

তিনি জানান, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যানসংলগ্ন লেক রোডটি জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিংকে সংযুক্ত করেছে। মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডি থেকে ঢাকার বিভিন্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে এটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। উচ্চ নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলের এলাকা হওয়ায় এখানে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন ও পথচারীর উপস্থিতি থাকে।

মোসলেহ উদ্দিন আহমদ বলেন, সড়কটির প্রশস্ততার কারণে অনেক চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালান এবং অপ্রয়োজনীয়ভাবে লেন পরিবর্তন করেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এসব আইন লঙ্ঘন প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতেই সেখানে এআই ক্যামেরা বসানো হয়েছে।

তিনি আরও জানান, এআই ক্যামেরায় ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা শনাক্ত হলে শুধু মোবাইলে বার্তা পাঠানো হয় না, নিবন্ধিত গাড়ির মালিকের ঠিকানায় ডাকযোগেও প্রসিকিউশনের নোটিশ পাঠানো হয়। পাশাপাশি ডিএমপির নির্ধারিত নম্বর থেকে খুদে বার্তা পাঠানো এবং ট্রাফিক বিভাগের ওয়েবসাইটেও তথ্য প্রকাশ করা হয়। জরিমানার অর্থ ট্রাফিক অফিসে জমা হওয়ার পর তা সিস্টেমে সংযুক্ত করা হয়।

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে রাজধানীর সব সড়ক থেকে এগুলো সরিয়ে দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 5

আরো পড়ুন