Skip to main content

Ridge Bangla

হলি আর্টিজান হামলার ১০ বছর, এখনো আপিল শুনানির অপেক্ষায় মামলা

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ১০ বছর পূর্ণ হলো আজ। ২০১৬ সালের ১ জুলাই সংঘটিত ওই হামলার বিচারিক প্রক্রিয়ার ট্রাইব্যুনাল ও হাই কোর্ট পর্যায় শেষ হলেও এখন মামলাটি আপিল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছে।

সেই হামলায় জঙ্গিদের হাতে দেশি-বিদেশি ২০ জন নিহত হন। নিহতদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানের, ১ জন ভারতের, ২ জন বাংলাদেশের এবং ১ জন বাংলাদেশি-আমেরিকান নাগরিক ছিলেন। হামলা প্রতিহত করতে গিয়ে প্রাণ হারান পুলিশের ২ কর্মকর্তা। রাতভর জিম্মি পরিস্থিতির অবসান ঘটে পরদিন সকালে সেনাবাহিনীর কমান্ডোদের পরিচালিত ‘অপারেশন থান্ডারবোল্ট’-এর মাধ্যমে। অভিযানে হামলায় অংশ নেওয়া ৫ জঙ্গি নিহত হয়।

ঘটনার পর দায়ের করা মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ৭ আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরে ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষে ২০২৩ সালে হাই কোর্ট ওই রায় পরিবর্তন করে ৭ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেন।

হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর দণ্ডিতদের মধ্যে ৬ জন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল করেছেন। তবে এখনো সেই আবেদনগুলোর শুনানি শুরু হয়নি। অপরদিকে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ১ আসামি গত বছর কারাগার থেকে পালানোর চেষ্টার সময় গুলিতে নিহত হন।

মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ, স্বীকারোক্তিমূলক জবানবন্দি, ফরেনসিক, ব্যালিস্টিক, ডিএনএ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনের উগ্র অংশ ‘নব্য জেএমবি’ পরিচয়ে এই হামলা চালায়।

This post was viewed: 26

আরো পড়ুন