Ridge Bangla

৪ বছরে পদ্মা সেতু থেকে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

উদ্বোধনের পর গত ৪ বছরে পদ্মা সেতু দিয়ে ২ কোটি ৬৮ লাখের বেশি যানবাহন চলাচল করেছে। এ সময়ে টোল বাবদ আদায় হয়েছে ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা।

মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতুর উদ্বোধন করা হয় ২০২২ সালের ২৫ জুন। পরদিন ২৬ জুন থেকে যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। চলতি বছরের ২৯ জুন পর্যন্ত মোট ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন সেতুটি ব্যবহার করেছে।

সেতু বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক মান বজায় রেখে বর্তমানে পদ্মা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্ন যান চলাচল অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও অর্থ বিভাগের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, ১ শতাংশ সুদে ৩৫ বছরের মধ্যে মোট ৩৬ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে। প্রতি অর্থবছরে ৪ কিস্তিতে মোট ১৪০ কিস্তির মাধ্যমে এই অর্থ পরিশোধের কথা রয়েছে।

এ পর্যন্ত টোল থেকে আদায় করা অর্থের মধ্যে ১৬টি কিস্তিতে ২ হাজার ৫১৬ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। সেতু বিভাগ জানিয়েছে, এ ক্ষেত্রে কোনো কিস্তির বকেয়া নেই। এছাড়া টোল আদায়ের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে ৪৩৬ কোটি ৭ লাখ ৭৪ হাজার ২২১ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে।

সেতু বিভাগের মতে, পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। একই সঙ্গে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও সেতুটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

This post was viewed: 7

আরো পড়ুন