Ridge Bangla

জুনে মব সহিংসতায় নিহত ৩৩, আহত বেড়েছে ৭৭ শতাংশ: এমএসএফ

দেশে মব সহিংসতা ও গণপিটুনির ঘটনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, জুন মাসে দেশের বিভিন্ন এলাকায় মব সহিংসতায় ৩৩ জন নিহত হয়েছেন। একই সময়ে গুরুতর আহত হয়েছেন ১২৬ জন, যা আগের মাসের তুলনায় প্রায় ৭৭ শতাংশ বেশি।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জুন মাসের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। সংগঠনটি জানিয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য এবং তাদের নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে মব সহিংসতায় ৩২ জন নিহত এবং ৭১ জন আহত হলেও জুনে নিহতের সংখ্যা প্রায় একই থাকলেও আহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা, ব্যাপক গ্রেপ্তার, অজ্ঞাত লাশ উদ্ধার এবং সীমান্ত পরিস্থিতির অবনতিসহ বিভিন্ন সূচকে মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

এমএসএফের তথ্যমতে, জুনে রাজনৈতিক সহিংসতায় ৩০৩ জন আহত হয়েছেন এবং দলীয় সংঘর্ষে নিহত হয়েছেন ৭ জন। সংগঠনটির পর্যবেক্ষণ অনুযায়ী, দলীয় ও অজ্ঞাত ব্যক্তিদের হামলায় হতাহতের সংখ্যা বাড়ায় রাজনৈতিক পরিবেশ আরও সহিংস ও অনিরাপদ হয়ে উঠছে।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ১ জনের মৃত্যু হয়েছে। বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন ৩ জন এবং কারা হেফাজতে মৃত্যু হয়েছে ৯ জনের। একই সময়ে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হুমকির ১৯টি ঘটনা ঘটেছে। আইনি হয়রানির শিকার হয়েছেন ৬ জন এবং অনলাইন পোর্টালের ৩ সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

সংগঠনটির তথ্য বলছে, জুন মাসে নদী, সড়ক, রেললাইন ও ফসলি জমি থেকে ৬৫টি অজ্ঞাত ও পরিচয় শনাক্ত হওয়া লাশ উদ্ধার করা হয়েছে। মে মাসে এ সংখ্যা ছিল ৫৩। এছাড়া ভারত ও মিয়ানমার সীমান্তে ৬ জন নিহত এবং ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। একই সময়ে ভারত থেকে ৪২৩ জনকে পুশ ইনের চেষ্টা করা হয়েছে, যা সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সীমান্তে সহিংসতার কিছু ঘটনা কমলেও ভারত থেকে পুশ ইনের চেষ্টা বেড়েছে, যা বড় ধরনের মানবিক সংকটের আশঙ্কা তৈরি করছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।

এমএসএফের হিসাবে, জুনে ৩৪৮ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এ সময় ৯ জন মৃত ও ২ জন জীবিতসহ মোট ১১ নবজাতককে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন ১৩ জন।

This post was viewed: 5

আরো পড়ুন