Ridge Bangla

বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে ভিওন, লক্ষ্য ১০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ

বাংলাদেশে আগামী কয়েক বছরে প্রাথমিকভাবে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বৈশ্বিক ডিজিটাল অপারেটর ও বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন। একই সঙ্গে সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে দেশে মোট ১০০ কোটি মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যও নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। এই বিনিয়োগের মূল গুরুত্ব থাকবে ডিজিটাল অবকাঠামো, আর্থিক অন্তর্ভুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত সংযোগ প্রযুক্তিতে।

মঙ্গলবার ভিওনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি ভিওনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অগি কে ফাবেলা ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ভিওনের পক্ষে আরও অংশ নেন পরিচালনা পর্ষদের সদস্য মিখিল সোটিং, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জোহান বুসে এবং প্রধান করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তাইমুর রহমান।

আলোচনায় বাংলাদেশে একটি সমন্বিত ডিজিটাল আর্থিক ব্যবস্থার পরিকল্পনা তুলে ধরে ভিওন। প্রতিষ্ঠানটির ভাষ্য, তাদের বৈশ্বিক আর্থিক প্রযুক্তির অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের সেবাবঞ্চিত মানুষের কাছে সহজে ডিজিটাল ব্যাংকিং, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র বিমা সেবা পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি ব্যক্তি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি হবে।

এ সময় ভিওন ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ’ নামে একটি নতুন উদ্যোগের প্রস্তাবও উপস্থাপন করে। বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত এই সরকারি-বেসরকারি অংশীদারত্বভিত্তিক উদ্যোগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় যুক্ত থাকবে। এর উদ্দেশ্য প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করা। ১০০ কোটি মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ আকর্ষণের এই পরিকল্পনায় ভিওনের ২৫ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করবে।

প্রস্তাবিত বিনিয়োগের আওতায় উন্নত সংযোগব্যবস্থা, পরবর্তী প্রজন্মের ডিজিটাল অবকাঠামো, ডিজিটাল আর্থিক সেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি নিজেদের বৈশ্বিক নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরও বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগে উৎসাহিত করার পরিকল্পনার কথা জানিয়েছে ভিওন।

এ ছাড়া ভবিষ্যতে বাংলাদেশে ডিজিটাল কার্যক্রম আরও সম্প্রসারণের অংশ হিসেবে ডিজিটাল ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, রাইড শেয়ারিং, ইন্টারনেট অব থিংসভিত্তিক সমাধান এবং স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল প্রযুক্তিসহ বিভিন্ন নতুন খাতে কাজ করার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

This post was viewed: 6

আরো পড়ুন