আধুনিক সময়ে নিরাপত্তার ধারণায় বড় ধরনের পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তাঁর ভাষ্য, কোনো প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে তথ্যপ্রযুক্তি ব্যবস্থাকে হ্যাকারদের আক্রমণ থেকে সুরক্ষিত রাখা এবং দীর্ঘ সীমান্ত রক্ষার তুলনায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই এখন অধিক গুরুত্বপূর্ণ।
বুধবার খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সময়ের স্পন্দনে, আকাঙ্ক্ষা পূরণে’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ এম সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘যুদ্ধ কেবলই সমরাস্ত্রের বিষয় নয়, যোগাযোগ কেবলই মানুষের কণ্ঠস্বর বিনিময় করা নয়। কেন্দ্রীয় ব্যাংকের তহবিল চুরির ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ডিজিটাল কারসাজির মাধ্যমে কীভাবে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।’
তিনি বলেন, প্রচলিত চিন্তার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যকে সময়োপযোগী ও আধুনিক ভাবনায় দেশের কাজে সম্পৃক্ত করার এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
জহির উদ্দিন স্বপনের মতে, সরকারের তথ্য ব্যবস্থাপনা পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আনসার বাহিনীর তৈরি ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ডিজিটাল প্ল্যাটফর্ম কাজ করবে। তিনি বলেন, অ্যানালগ ও ডিজিটাল ব্যবস্থার পার্থক্য অনুধাবন করে নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল নেতৃত্ব গ্রহণ করায় বাহিনীর নেতৃত্ব প্রশংসার যোগ্য।
প্রযুক্তির পরিবর্তনকে তিনি একটি চলমান ও গতিশীল প্রক্রিয়া উল্লেখ করে বলেন, ‘এই প্রযুক্তিগত বাস্তবতায় জ্ঞান ও মনোজগৎকে স্থিতিশীল রাখার কোনো সুযোগ নেই। প্রতিমুহূর্তে আমাদের চিন্তার দিক থেকে গতিশীল থাকতে হবে এবং চলমান আপগ্রেডিং সিস্টেমের মধ্যে থাকতে হবে। তা না হলে আজকে যিনি আধুনিক, আগামীকালই তিনি অচল হয়ে যেতে পারেন।’
এ সময় তিনি ‘প্রান্তিক কণ্ঠস্বর’ প্ল্যাটফর্মকে অন্যান্য সরকারি দপ্তরের জন্যও অনুসরণযোগ্য একটি উদাহরণ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।