Skip to main content

Ridge Bangla

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরকে ভারতের অংশ দাবি সেনাপ্রধানের, চীনের তৎপরতা নিয়েও উদ্বেগ

পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তার অভিযোগ, পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন ওই অঞ্চল এখনও সন্ত্রাসী অবকাঠামো গড়ে তোলা, প্রশিক্ষণ দেওয়া এবং ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের কাজে ব্যবহৃত হচ্ছে। একই সঙ্গে সেখানে চীনের সামরিক ও অবকাঠামোগত কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এনডিটিভির জ্যেষ্ঠ নির্বাহী সম্পাদক আদিত্য রাজ কৌলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল থাকলেও তা এখনও সংবেদনশীল।

তার ভাষ্য, সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল থাকলেও ভারতীয় সেনাবাহিনী কোনোভাবেই আত্মতুষ্টিতে ভুগছে না। সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য শক্তিশালী সেনা মোতায়েন অব্যাহত রাখা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) অবসরে যাওয়ার একদিন আগে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি বলেন, উত্তর সীমান্তে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। উভয় দেশ এখন একে অপরের উদ্বেগের বিষয়ে তুলনামূলকভাবে আরও ইতিবাচক ও সংবেদনশীল মনোভাব দেখাচ্ছে।

তিনি বলেন, ‘উত্তর সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল, তবে সংবেদনশীল। সেনা প্রত্যাহারসংক্রান্ত চুক্তিগুলো সীমান্তে স্থিতিশীলতা বাড়িয়েছে। গত এক বছরে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে নতুন করে যোগাযোগ শুরু হওয়ায় উত্তেজনা কমেছে, সীমান্ত ব্যবস্থাপনার নিয়মিত বিষয়গুলোর সমাধান হয়েছে এবং পারস্পরিক আস্থাও কিছুটা বেড়েছে।’

জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মতে, সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইতিবাচক লক্ষণ হিসেবে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে সীমান্ত নির্ধারণের বিভিন্ন বিকল্প পর্যালোচনায় ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশনের অধীনে বিশেষজ্ঞ দল গঠন, কৈলাশ মানস সরোবর যাত্রা ও সরাসরি বিমান চলাচল পুনরায় চালুর উদ্যোগ, ৩টি সীমান্তপথ দিয়ে বাণিজ্যে ঐকমত্য এবং ভিসা প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ উল্লেখযোগ্য।

তিনি আরও জানান, সামরিক পর্যায়েও নিয়মিত আস্থা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত রয়েছে। তার ভাষায়, ‘প্রতি বছর দুই পক্ষের মধ্যে ১ হাজার ১০০টির বেশি মাঠপর্যায়ের বৈঠক হয়। হটলাইন, পতাকা বৈঠক এবং কমান্ডার পর্যায়ের আলোচনার মতো প্রতিষ্ঠিত ব্যবস্থার মাধ্যমে স্থানীয় সমস্যাগুলোর সমাধান করা হচ্ছে।’

তবে তিনি জোর দিয়ে বলেন, সীমান্তে অবকাঠামো উন্নয়ন, নজরদারি, রসদ সরবরাহ, সেনা চলাচলের সক্ষমতা এবং সামরিক শক্তি বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘স্থিতিশীলতা মানে আত্মতুষ্টি নয়। যেকোনও হুমকি প্রতিহত করা এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী শক্তিশালী মোতায়েন বজায় রেখেছে। উত্তর সীমান্তে অবকাঠামো উন্নয়ন, নজরদারি, রসদ, চলাচলের সক্ষমতা ও সামরিক সক্ষমতা বৃদ্ধি এখন অগ্রাধিকার। সীমান্তের নিয়মিত ব্যবস্থাপনা থেকে শুরু করে যেকোনও সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত।’

দীর্ঘমেয়াদি সামরিক কৌশল প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দীর্ঘমেয়াদি কৌশল স্পষ্ট- সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, সংলাপের মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধান করা এবং একই সঙ্গে আমাদের প্রস্তুতি, মোতায়েন ও অবকাঠামোকে কার্যকর ও বিশ্বাসযোগ্য অবস্থায় রাখা।’

সাক্ষাৎকারে পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরে চীনের অবকাঠামোগত কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ভারতীয় সেনাপ্রধান।

তিনি বলেন, ‘পাকিস্তানের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটি ভারতের দীর্ঘদিনের স্পষ্ট অবস্থান। সামরিক দৃষ্টিকোণ থেকে আমাদের প্রধান উদ্বেগ হলো, পাকিস্তানের ‘অবৈধ দখলে’ থাকা অঞ্চলগুলো সন্ত্রাসী অবকাঠামো গড়ে তোলা, প্রশিক্ষণ দেয়া এবং জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশে ব্যবহৃত হচ্ছে। এটি এখনও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ এবং আমাদের সামরিক পরিকল্পনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।’

তিনি আরও বলেন, এ অঞ্চলে বিদেশি সামরিক ও অবকাঠামোগত তৎপরতার কৌশলগত গুরুত্ব সম্পর্কেও ভারত সচেতন। এসব কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারতীয় সেনাবাহিনী এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সেনা মোতায়েন, নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও সামরিক প্রস্তুতি বজায় রাখা হয়েছে।

This post was viewed: 27

আরো পড়ুন