ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন পলাতক শাহাদাত হোসেনকে ঘিরে তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। ইতালীয় গণমাধ্যমের দাবি, তিনি শুধু এই মামলার প্রধান সন্দেহভাজনই নন, রোমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, এ তথ্যের ভিত্তিতে তার রাজনৈতিক যোগাযোগ, পরিচিতজন এবং সম্ভাব্য সহযোগীদের বিষয়েও তদন্ত চালাচ্ছে ইতালির পুলিশ। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কোনো রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততার তথ্য এখন পর্যন্ত নিশ্চিত করেনি দেশটির কর্তৃপক্ষ।
ইতালীয় গণমাধ্যমের দাবি, শাহাদাত হোসেন নিজেকে রোমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। তার সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় সভা-সমাবেশ, রাজনৈতিক কর্মসূচি এবং নেতাকর্মীদের সঙ্গে তোলা বিভিন্ন ছবিও রয়েছে। এছাড়া ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত একটি সদস্য তালিকায়ও তার নাম যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।
তদন্তকারীদের ধারণা, পলাতক অবস্থায় শাহাদাত পরিচিত কারও সহায়তা পেয়ে থাকতে পারেন। সে কারণে তার রাজনৈতিক ও ব্যক্তিগত যোগাযোগের বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশ স্পষ্ট করেছে, তার রাজনৈতিক পরিচয় বা কোনো রাজনৈতিক সংগঠন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত- এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এদিকে তদন্তের অংশ হিসেবে শাহাদাত হোসেনের একটি পুরোনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টও পর্যালোচনা করা হচ্ছে। তবে ওই পোস্টের সঙ্গে হত্যাকাণ্ডের সরাসরি সম্পর্ক রয়েছে- এমন কোনো তথ্য এখনও নিশ্চিত করেনি তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, রোমের এই হত্যাকাণ্ডের তদন্ত এখনও চলমান। শাহাদাত হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে এখনো প্রমাণিত হয়নি। একই সঙ্গে ইতালীয় কর্তৃপক্ষও কোনো রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততার দাবি করেনি।
প্রসঙ্গত, হত্যাকাণ্ডের কয়েক দিন আগে শাহাদাত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লিখেছিলেন, ‘কেউ একা মারা যায় না। সবসময় তার সঙ্গে আরেকজনও মারা যায়। মৃত্যু এলে নিজের প্রিয়জনদেরও সঙ্গে নিয়ে যাওয়া উচিত, যাতে কাউকে প্রিয়জন হারানোর কষ্ট নিয়ে বেঁচে থাকতে না হয়।’
তদন্তকারীরা ওই পোস্টটিকেও গুরুত্ব দিয়ে দেখছেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় সময় শনিবার রাত ৯টার কিছু পরে শাহাদাত একটি ধারালো দা নিয়ে ওই পরিবারের বাসায় প্রবেশ করেন। প্রথমে তিনি আরজু বেগম ও তাদের ৮ বছর বয়সী মেয়ে আরোয়াকে কুপিয়ে হত্যা করেন। পরে আরজু বেগমের স্বামী কামাল উদ্দিনকেও হত্যা করা হয়।
পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পর ৩ জনের মরদেহ বিছানার নিচে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল।
এ সময় বাসায় ফিরে বাবা-মা ও বোনকে রক্ষার চেষ্টা করেন দম্পতির ২০ বছর বয়সী ছেলে আমির। হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তির সময় তিনি গুরুতর আহত হন।
বর্তমানে রোমের জেমেলি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন আমির। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রক্তাক্ত অবস্থায় তিনি বারবার বলছিলেন, ‘সে আমার মাকে হত্যা করেছে, আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে।’
পুলিশকে দেওয়া বক্তব্যেও তিনি হামলাকারীর পরিচয় উল্লেখ করে বলেন, ‘এটা শাহাদাতই করেছে।’
স্থানীয় বাসিন্দা আগোস্তিনো জানান, সেদিন রাতে তিনি টেলিভিশনে নরওয়ে ও ফ্রান্সের ফুটবল ম্যাচ দেখছিলেন। হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখেন, আমির রাস্তায় পড়ে আছেন এবং তার ওপর একজন ব্যক্তি হামলা চালাচ্ছে। পরে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হত্যাকাণ্ডের পর থেকেই শাহাদাত হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে কাসালোত্তি এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে ইতালির পুলিশ। পাশাপাশি দেশজুড়ে তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।